মোঃ আজিজুল হাকিম
পার্বতীপুর, দিনাজপুর উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ ও নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে মো. শাওন ইসলাম (৩০), তার স্ত্রী দিপা আক্তার শিরিনা এবং পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া গ্রামের জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে ৮৫০ পিস অবৈধ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিনজনকে পার্বতীপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।